বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন
বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহৎ পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
কাজী জেসিন বলেন, প্রধানমন্ত্রী বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে বিটিভিকে সরকার ও দলের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। গণঅভ্যুত্থানের পরও বিটিভিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
বিটিভির মহাপরিচালক বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার বিষয়টিকে এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি। প্রধানমন্ত্রী বিষয়টি উপলব্ধি করে তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর অনেকে ‘নয়া বন্দোবস্ত’-এর কথা বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত এর নামে কী হয়েছে, তা দেশবাসী দেখেছেন। তার মতে, মুখে ‘নয়া বন্দোবস্ত’ না বলেও প্রধানমন্ত্রী তারেক রহমান নীরবে পরিবর্তনের কাজ করে যাচ্ছেন।
কাজী জেসিন বলেন, বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে তিনি অভিভূত। বিটিভি শুধু আগের অবস্থানে ফিরে যাবে না; বরং প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ একটি জায়গায় দেখতে চান।
তিনি বলেন, কাজটি কঠিন। নতুন কিছু গড়ে তোলার চেয়ে পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা নিঃসন্দেহে বেশি চ্যালেঞ্জিং। তবে কাজটি আনন্দেরও। সেই লক্ষ্যেই তারা কাজ শুরু করেছেন।
পোস্টের শেষাংশে বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার এ উদ্যোগে সবার শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন মহাপরিচালক কাজী জেসিন।










