বিজ্ঞাপন দিয়ে পাত্রী খুঁজছেন আরিফিন শুভ? আসল ঘটনা কী
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

বিজ্ঞাপন দিয়ে পাত্রী খুঁজছেন আরিফিন শুভ? আসল ঘটনা কী
পর্দায় নানা চরিত্রে প্রেম, বিয়ে ও সংসারের গল্পে দেখা গেছে চিত্রনায়ক আরিফিন শুভকে। তবে এবার বাস্তব জীবনেও কি নতুন অধ্যায়ের পথে হাঁটছেন এই অভিনেতা? সম্প্রতি একটি ‘পাত্রী চাই’ বিজ্ঞাপনকে ঘিরে এমনই প্রশ্ন উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিজ্ঞাপনে পাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’ নাম। বয়স ৩৫ বছর এবং পেশায় সরকারি প্রকৌশলী। বিজ্ঞাপনে তাকে নম্র, সৎ, দায়িত্বশীল ও রান্নায় পারদর্শী হিসেবে তুলে ধরা হয়েছে।
পাত্রের জন্য চাওয়া হয়েছে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী পাত্রী। পাশাপাশি পাত্রের ছোট ভাই-বোনের দায়িত্ব নেওয়ার মতো অভিভাবকসুলভ মানসিকতার পাত্রীকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।
তবে বিজ্ঞাপনটি নজর কেড়েছে অন্য কারণে। ‘আনিসুর রহমান আনিস’-এর ছবির জায়গায় ব্যবহার করা হয়েছে অভিনেতা আরিফিন শুভর ছবি। ফলে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নানা জল্পনা—সত্যিই কি শুভর জন্য পাত্রী খোঁজা হচ্ছে?
তবে বিজ্ঞাপনটির সঙ্গে আরিফিন শুভর ব্যক্তিগত বিয়ের পরিকল্পনার কোনো সরাসরি যোগ রয়েছে কি না, তা নিশ্চিত নয়। বরং এটি কোনো প্রচারণামূলক আয়োজন বা বিনোদনধর্মী কনটেন্টের অংশ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
একই জায়গায় প্রকাশিত হয়েছে আরেকটি ‘পাত্র চাই’ বিজ্ঞাপন। সেখানে পাত্রী হিসেবে ‘অনামিকা অনু’র পরিচয় দেওয়া হয়েছে। ২৪ বছর বয়সী এই তরুণী অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী, নৃত্যকলায় পারদর্শী এবং ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত বলে বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তার জন্য খোঁজা হচ্ছে সৎ ও বোঝদার একজন সুপাত্র। পাশাপাশি ফটোজেনিক ও ‘পিন্টারেস্ট পারফেক্ট’ পাত্রকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। মজার বিষয় হলো, ‘অনামিকা অনু’র ছবির জায়গায় দেখা গেছে অভিনেত্রী কেয়া পায়েলের ছবি।
সব মিলিয়ে বিজ্ঞাপন দুটিকে ঘিরে তৈরি হয়েছে বেশ কৌতূহল। তবে এর নেপথ্যের আসল গল্প কী, সেটিই এখন অপেক্ষার বিষয়।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।