বিছনাকান্দিতে বিজিবির পিটুনিতে যুবক আহতের অভিযোগ, বিওপি ঘেরাও করে বিক্ষোভ
- আপলোডের সময় : Saturday, August 29, 2026,

বিছনাকান্দিতে বিজিবির পিটুনিতে যুবক আহতের অভিযোগ, বিওপি ঘেরাও করে বিক্ষোভ
লোকমান আহমেদ
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে বিজিবি সদস্যদের লাঠিপেটায় আল আমিন নামে এক যুবক আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।
অভিযোগ উঠেছে, বিছনাকান্দি বিওপিতে কর্মরত দুই বিজিবি সদস্য ভিআইপি রুজ্জেল ও হারুন আহমদের বিরুদ্ধে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, রাজিবের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আল আমিনের ওপর অতর্কিতভাবে চড়াও হন ওই দুই বিজিবি সদস্য। পরে তাঁকে লাঠি দিয়ে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা আহত আল আমিনকে কাঁধে নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিছনাকান্দি বিওপি ক্যাম্পের গেটে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা অভিযুক্ত বিজিবি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে বিক্ষোভকারীরা সেখান থেকে ফিরে যান। আহত আল আমিনকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে আল আমিনকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজিবি। ক্যাম্প সূত্রে জানা গেছে, বিছনাকান্দি পর্যটন স্পট থেকে ভারতীয় জিরা আটকের ঘটনার পর বিওপির দুই ভিআইপি সদস্যের মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া দিলে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে আল আমিন আহত হন। বিজিবির দাবি, তাদের সদস্যরা কাউকে মারধর করেননি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের অভিযোগ ও বিজিবির বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।









