
স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা
ভোরের স্নিগ্ধ আলোয় মন্ত্রোচ্চারণ আর প্রার্থনায় মুখরিত হয়ে উঠেছে পাহাড়ের জনপদ। পার্বত্য জেলা বান্দরবানের প্রতিটি বৌদ্ধ বিহারে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন বিহারে ভিড় জমাতে শুরু করেন শত শত ভক্ত।
বান্দরবানের কেন্দ্রীয় রাজগুরু কেন্দ্রীয় বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বিহারে তিথি মেনে বুদ্ধ মূর্তিকে স্নান করানো, ফুল দিয়ে সাজানো এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনা করেন পুণ্যার্থীরা।
পুণ্যার্থী ও ধর্মীয় বৌদ্ধ ভিক্ষুরা জানান, এই দিনে তাদের প্রধান প্রার্থনা বিশ্বশান্তি। জগতের সকল প্রাণী সুখী হোক এবং পাহাড় ও সমতলে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক—এমনই কামনা করেন তারা।
দিনটি উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষই এতে অংশ নেন।
উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিকেলেও ধর্মীয় কীর্তন ও ফানুস ওড়ানোর বিশেষ আয়োজন রয়েছে।
শান্তি ও মৈত্রীর বার্তা নিয়ে বান্দরবানের এই বুদ্ধ পূর্ণিমা উৎসব রাতের বিশেষ প্রার্থনা ও আলোকসজ্জার মধ্য দিয়ে শেষ হবে।