বান্দরবানে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ সাবেক কাউন্সিলর নাসিরের বিরুদ্ধে
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

বান্দরবানে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ সাবেক কাউন্সিলর নাসিরের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবান পৌরসভার বালাঘাটা হাজীপাড়া এলাকায় কোনো ধরনের অনুমোদিত নকশা ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সাবেক পৌর কাউন্সিলর মো. নাসিরের বিরুদ্ধে। এ ঘটনায় একাধিকবার নির্মাণকাজ বন্ধের নোটিশ দেওয়া হলেও কাজ অব্যাহত রাখার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও নাসিরের সৎ ভাই মো. দেলোয়ার।
স্থানীয় সূত্র ও অভিযোগকারী সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিয়ে মো. দেলোয়ার ও তার সৎ ভাই সাবেক কাউন্সিলর মো. নাসিরের মধ্যে বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে ওই জমিতে নির্মাণাধীন বহুতল ভবনকে কেন্দ্র করে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
অভিযোগকারী দেলোয়ারের দাবি, পৌরসভার অনুমোদিত নকশা ছাড়াই ভবনটির নির্মাণকাজ শুরু করা হয়েছে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ এপ্রিল ২০২৬ তারিখে বান্দরবান পৌরসভা থেকে নির্মাণকাজ বন্ধের নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে কাজ বন্ধ না হওয়ায় তিনি আবারও পৌরসভায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট ২০২৬ তারিখে পুনরায় নির্মাণকাজ বন্ধের নোটিশ জারি করা হয় বলে তিনি জানান।
এ ছাড়া নির্মাণকাজ বন্ধের দাবিতে সদর থানায়ও অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার পক্ষ থেকেও নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল বলে অভিযোগকারীর দাবি। তবে এসব নোটিশ ও নির্দেশনার পরও নির্মাণকাজ চলমান রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগকারী মো. দেলোয়ার বলেন, “নির্মাণাধীন বাড়িটির কোনো সরকারি অনুমোদন নেই। পৌরসভার পক্ষ থেকে একাধিকবার কাজ বন্ধের নোটিশ দেওয়া হলেও নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। একজন সাবেক পৌর কাউন্সিলর হিসেবে তার কাছ থেকে আইন ও বিধি মেনে চলার প্রত্যাশা করি।”
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক পৌর কাউন্সিলর মো. নাসির বলেন, “আমার বর্তমান বাড়িটির অবস্থা খুবই করুণ। মানবিক দৃষ্টিকোণ থেকে আমি বাড়ি নির্মাণ করার অধিকার রাখি। আমি একজন সাবেক পৌর কাউন্সিলর হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল।”
এ বিষয়ে বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে পৌর কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বিধিবিধান মেনে ভবন নির্মাণ করা না হলে নগর ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে। তাই বিষয়টি তদন্ত করে ভবনটির নির্মাণ অনুমোদন, নকশা ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে ভবনটি নির্মাণে আদৌ কোনো অনুমোদন রয়েছে কি না এবং নির্মাণকাজ বন্ধের নোটিশ অমান্য করা হয়েছে কি না—এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।










