বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা
বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি | জিহাদ হোসেন
বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির জেরে অভিমান করে রায়হান হাওলাদার (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই গ্রামের আবুল হাওলাদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রায়হান প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন। তিনি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মায়ের দোয়া বেকারিতে কেক তৈরির কারিগর হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার সকালে প্রতিদিনের মতো রায়হান কর্মস্থলে যান। প্রায় এক ঘণ্টা পর তাঁর স্ত্রী ফোন করলে তিনি বাড়িতে ফিরে আসেন। বাড়িতে গিয়ে একপর্যায়ে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি হলে রায়হান নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন।
পরিবারের সদস্যরা পরে জানালা দিয়ে তাঁকে দেখতে পেয়ে দরজা ভেঙে উদ্ধার করেন। দ্রুত তাঁকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।