বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ
জিহাদ হোসেন
বরিশাল প্রতিনিধি, আমার সকাল ২৪
বরিশাল
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সুমন সিকদার (৩৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সুমন উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কালেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় যুবদল নেতা রিগ্যান হাওলাদারের সঙ্গে সুমনের বাড়ির সামনে তর্কাতর্কি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তার সঙ্গে থাকা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে সুমনকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে তাকে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে রেখে তারা চলে যান বলে অভিযোগ করা হয়।
নিহতের মা মনোয়ারা বেগমের দাবি, হামলায় রিগ্যান হাওলাদার, মনা তালুকদার, সুমন সিকদারসহ ৮-১০ জন অংশ নেন। তারা সুমনের মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে সুমনকে পুকুরে ফেলে রেখে চলে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত রিগ্যান হাওলাদার, সুমন সিকদার ও মনা তালুকদারসহ অন্যরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রিগ্যান স্থানীয় রফিক হাওলাদারের ছেলে এবং যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অপর অভিযুক্ত মনা তালুকদার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
নিহতের ছেলে তানভীর সিকদার ও স্থানীয়দের দাবি, কিছুদিন আগে মনা তালুকদার নিহত সুমনের স্ত্রী মনি বেগমকে নিয়ে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে সুমনের সঙ্গে মনা তালুকদারের পূর্ববিরোধ ছিল।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।