বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন
- আপলোডের সময় : Sunday, August 30, 2026,

বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন
জিহাদ হোসেন
‘পরিচ্ছন্ন বাকেরগঞ্জ, সবুজ আমাদের অহংকার—সবার আগে বাংলাদেশ, এটাই হোক অঙ্গীকার’—এ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।
গত ২৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাকেরগঞ্জ পৌর প্রশাসক মিলটন চন্দ্র পালকে নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায়। তাঁর এ কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা পায়। পরে কয়েকটি গণমাধ্যমেও বিষয়টি প্রচারিত হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান গো-হাটে হাটবাজার উন্নয়নকাজ পরিদর্শনে যান ইউএনও মিলটন চন্দ্র পাল। পরিদর্শনের একপর্যায়ে হাটের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি নিজ হাতেই সেগুলো পরিষ্কার করেন।
একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে স্থানীয়দের মধ্যেও উৎসাহের সৃষ্টি হয়। এ সময় হাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ১০টি ডাস্টবিন প্রদান করেন ইউএনও।
পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, “বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত অন্যতম সামাজিক আন্দোলন হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এ আন্দোলনকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।”
তিনি বাকেরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আপনাদের বাড়ির আঙিনা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। পাশাপাশি হাটবাজার, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও সবুজ বাকেরগঞ্জ গড়ে তোলা সম্ভব।”
স্থানীয়রা জানান, একজন সরকারি কর্মকর্তা যখন শুধু নির্দেশনা না দিয়ে নিজেই পরিচ্ছন্নতার কাজে অংশ নেন, তখন তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। ইউএনওর এমন উদ্যোগ পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন, বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহিন খান, আমির হোসেন দুলাল, খাইরুল ইসলাম, ইউপি সদস্য মোতালেব হাওলাদার, জহিরুল জোমাদ্দার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জলিল খান, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক দুলাল খান, ছাত্রদল নেতা পাভেল ও কাইউমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










