বাকেরগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধা ও প্রবাসী নাতির ওপর হামলার অভিযোগ
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

বাকেরগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধা ও প্রবাসী নাতির ওপর হামলার অভিযোগ
জিহাদ হোসেন
বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধা ও তার প্রবাসী নাতির ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বৃদ্ধা সাহেরা বেগম (৭৫) ও তার নাতি শামিম মীর (৪০) বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পাদ্রীশিবপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শামিম মীরের পরিবারের সঙ্গে একই গ্রামের নুরজামাল মীর ওরফে মামুন মীরের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার বিকেলে নুরজামাল মীরসহ ৫-৭ জন শামিমের দাদি সাহেরা বেগমের ওপর হামলা ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে শামিম তার দাদিকে চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিছুক্ষণ পর হাসপাতাল থেকে ওষুধ কিনতে বাইরে বের হলে নুরজামাল মীরসহ ৪-৫ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন শামিম। এ সময় তাকে মারধর করে আহত করার পাশাপাশি তার কাছে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
শামিমের চিৎকার শুনে হাসপাতালের ভেতরে থাকা লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় আহত শামিম মীর ও তার দাদি সাহেরা বেগম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, আইনগত সহায়তা ও নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত নুরজামাল মীরের বক্তব্য জানা সম্ভব হয়নি।










