বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা, ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা, ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক
জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার, ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘদিনের অভ্যন্তরীণ ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যৌথভাবে ও ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় ভবিষ্যতে বাউফলে বিএনপির যেকোনো দলীয় কর্মসূচি পৃথকভাবে না করে ঐক্যবদ্ধভাবে পালনের বিষয়ে নেতারা একমত হন। বক্তারা বলেন, দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও শক্তিই বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। দলের বৃহত্তর স্বার্থে সব ধরনের বিভেদ ভুলে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গনি সিকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি শাহজাহান হাওলাদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন বক্তব্য দেন।
এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক ব্যবস্থাপনা, কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।










