
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর
বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর শুক্রবার (২৪ জুলাই) থেকে নতুন শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশগুলোর শিথিলতার অভিযোগ তুলে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত এ শুল্ক আরোপ করা হয়েছে।
একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হয়েছে।
হোয়াইট হাউসের এই পদক্ষেপকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ঘোষিত প্রায় বৈশ্বিক শুল্কব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। গত বছর বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে ট্রাম্প ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ‘রেসিপ্রোক্যাল’ শুল্ক আরোপ করেছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ এই শুল্কের আওতায় পড়বে। তবে তেল ও গ্যাস, সার এবং কিছু খাদ্যপণ্যসহ কয়েকটি পণ্য এ শুল্ক থেকে অব্যাহতি পাবে।
১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর অধীনে নতুন এই শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, সুপ্রিম কোর্টের রায়ের পরও প্রায় সব আমদানির ওপর ন্যূনতম শুল্ক বহাল রাখতে এই আইনি কাঠামো ব্যবহার করা হবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়র বলেন, প্রায় এক শতাব্দী ধরে যুক্তরাষ্ট্র বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করে আসছে। এখন সময় এসেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদাররাও একই নীতি অনুসরণ করবে।
চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনা, বাংলাদেশ, যুক্তরাজ্য, কম্বোডিয়া, কানাডা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ত্রিনিদাদ ও টোবাগোর পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান ‘মোস্ট ফেভার্ড নেশন’ (এমএফএন) শুল্কের সঙ্গে যুক্ত হয়ে মোট কার্যকর শুল্কহার হবে ১০ অথবা ১২ দশমিক ৫ শতাংশ।
এ ছাড়া বাকি ৩৮টি দেশের জন্য ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। এসব দেশের মধ্যে চীনও রয়েছে। উইঘুর সংখ্যালঘুদের শ্রমশিবিরে আটক রেখে কাজ করানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বেইজিং।
তবে ২৮ জুলাই যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পরিবহনরত পণ্য নতুন শুল্কের আওতার বাইরে থাকবে।