বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক
মো. হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধি, বরিশাল বিভাগ, আমার সকাল ২৪
বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন মোহাম্মদপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. সুমন হাওলাদার ওরফে ‘মান্না সুমন’ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে কাউনিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। সকাল সাড়ে ৬টার দিকে অভিযানের একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সুমন হাওলাদারকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাউনিয়া থানা এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মান্না সুমনের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলোর নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, নগরীতে মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, স্থানীয়রা মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।