বন্যায় স্থবির ব্যাংকক, ৫০ জেলাতেই দুর্যোগ ঘোষণা
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

বন্যায় স্থবির ব্যাংকক, ৫০ জেলাতেই দুর্যোগ ঘোষণা
টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বন্যায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যাংককের ৫০টি জেলাতেই দুর্যোগ ঘোষণা করেছে সরকার।
সরকার জানিয়েছে, বন্যার কারণে কয়েক হাজার মানুষকে শহরের ২৩০টির বেশি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। মৃতদের মধ্যে অনেকে পানিতে ডুবে এবং কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
ব্যাংককের কিছু এলাকায় মাত্র দুই দিনে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বহু সড়ক ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে যায়। উত্তর-পূর্ব ব্যাংককের খলং চান এলাকার একটি আবাসিক কমপ্লেক্সে বাদামি পানিতে ভবনগুলো ঘেরা পড়ে আছে। কোথাও পার্ক করা গাড়ির শুধু ছাদ পানির ওপরে দেখা যাচ্ছে।
স্থানীয় ৭৩ বছর বয়সী বাসিন্দা সুলিমাস কুরাংকুল জানান, গত সপ্তাহের বৃষ্টি স্বাভাবিক বর্ষার বৃষ্টির মতো ছিল না। দিন-রাত টানা বৃষ্টির কারণে পানি ক্রমেই বাড়তে থাকে। পানি কিছুটা কমলেও ভাসমান আবর্জনা ও বর্জ্যের দুর্গন্ধে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে বলে জানান তিনি।
বন্যার কারণে ব্যাংককের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও ফোলানো প্লাস্টিকের পুল ব্যবহার করে চলাচল করতে দেখা গেছে, আবার কোথাও ভাসমান ফ্রিজকে নৌকার মতো ব্যবহার করা হয়েছে।
বন্যার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ব্যাংককের প্রধান বিমানবন্দরগুলোর একটিতে থাই এয়ারওয়েজের উল্লেখযোগ্যসংখ্যক কর্মী কাজে পৌঁছাতে পারেননি। এতে লাগেজের জট তৈরি হয় এবং কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
স্কুল বন্ধ থাকার পাশাপাশি যানজট ও জলাবদ্ধতার কারণে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত এলাকার মানুষও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, উত্তরের দিক থেকে নেমে আসা পানির কারণে ব্যাংকক মহানগর এলাকায় এখনো ঝুঁকি রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিশেষ নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
চাও ফ্রায়া নদীর বিস্তীর্ণ বন্যাপ্রবণ এলাকায় গড়ে ওঠা ব্যাংকক পানি নিষ্কাশনের জন্য খাল, পাম্প ও বাঁধের ওপর নির্ভরশীল। তবে নগরায়ণের ফলে অনেক খাল সংকুচিত বা ভরাট হয়ে যাওয়ায় অতিরিক্ত পানি দ্রুত সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম বন্যার প্রবণতা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানি উষ্ণ হওয়ায় বাষ্পীভবন বাড়ছে এবং উষ্ণ বাতাস বেশি জলীয়বাষ্প ধারণ করতে পারছে। এর ফলে অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের ঘটনা ঘটতে পারে।
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞানী নিকোলাওস স্ক্লিরিস বলেন, মধ্য থাইল্যান্ডে অতিবৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদি বিভিন্ন জলবায়ু মডেলেও ভবিষ্যতে আরও বেশি ও তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
তবে এই নির্দিষ্ট বৃষ্টিপাতের ঘটনাকে সরাসরি জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে চিহ্নিত করা এখনই সম্ভব নয় বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। কপের্নিকাস ক্লাইমেট পালসের তথ্য অনুযায়ী, অস্বাভাবিক উষ্ণ দক্ষিণ চীন সাগর থেকে সৃষ্ট একটি নিম্নচাপ কম্বোডিয়া ও ভিয়েতনাম হয়ে ব্যাংককের ওপর অবস্থান করায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
এদিকে মিয়ানমারের দক্ষিণাঞ্চলেও একই আবহাওয়ার প্রভাবে আকস্মিক বন্যা ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কা দেত নে হেইন গ্রামে ভূমিধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আরেকটি গ্রামে কাদার নিচে আটজন নিখোঁজ রয়েছেন।
ব্যাংককে বর্তমানে পানি নিষ্কাশনের পাম্পগুলো সর্বোচ্চ সক্ষমতায় চালানো হচ্ছে। তবে শহরের সব এলাকা থেকে পানি পুরোপুরি সরে যেতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।