‘বনলতা এক্সপ্রেস’-এর সেই লাবণ্য এবার নায়িকা
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

‘বনলতা এক্সপ্রেস’-এর সেই লাবণ্য এবার নায়িকা
তরুণ অভিনেত্রী লাবণ্য চৌধুরী এবার ওয়েব সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ রুবি চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা এই অভিনেত্রী এবার চুক্তিবদ্ধ হয়েছেন রোমান্টিক-কমেডি ঘরানার ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’-তে।
নব্বই দশকের প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। সিনেমায় লাবণ্যকে দেখা যাবে ‘দিয়া’ চরিত্রে। চরিত্রটি বেশ চঞ্চল স্বভাবের এবং নব্বই দশকের সিনেমার মতো প্রেমের গল্প নিজের জীবনেও আসবে—এমন স্বপ্ন দেখে।
সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে লাবণ্য চৌধুরী বলেন, নব্বই দশকের লাভস্টোরি তার খুব পছন্দের। সে কারণেই গল্পটি পছন্দ হওয়ায় ‘মিশন ডিডিএলজে’-তে যুক্ত হয়েছেন তিনি।
শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করা লাবণ্য বর্তমানে সিনেমার পাশাপাশি নাটক ও বিভিন্ন ধরনের ওটিটি কনটেন্টে কাজ করছেন। ‘মিশন ডিডিএলজে’-তে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাদ সালমি নাওভী ও লাবণ্য চৌধুরী।
ওয়েব সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন ও শাহানা আফরোজ স্বপ্নাসহ অনেকে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।










