বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৭ শ্রমিক নিহত, আহত ১৭
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৭ শ্রমিক নিহত, আহত ১৭
মহাসড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে যায় বাস
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩), আবদুর রহিম (৪৬) এবং জয়পুরহাটের তাজমুল (৪৫)। অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের পাশে কাজের সন্ধানে অপেক্ষমাণ কয়েকজন শ্রমিককে বাসটি চাপা দেয়।
বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক জানান, বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হন। পরে গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।









