ফুলের শুভেচ্ছায় সিক্ত পার্বত্য মন্ত্রী, বান্দরবানে আনন্দের জোয়ার
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

ফুলের শুভেচ্ছায় সিক্ত পার্বত্য মন্ত্রী, বান্দরবানে আনন্দের জোয়ার
স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী, বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরীকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশাল জনসমাবেশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এর আগে বান্দরবান জেলা সদরের প্রবেশমুখে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে নেতাকর্মীরা নবনিযুক্ত পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপুত্র সাচিং প্রু জেরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার আদায় এবং পাহাড়ে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান অতিথির বক্তব্যে রাজপুত্র সাচিং প্রু জেরী বান্দরবানের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় জেলার সাতটি উপজেলা, দুইটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে জেলার ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত গণসংবর্ধনা ও জনসমাবেশে গিয়ে মিলিত হয়।
এদিকে কেরানীহাট-বান্দরবান সংযোগ সড়কের হলুদিয়া, বান্দরবান বিশ্ববিদ্যালয়, সুয়ালক, মাঝেরপাড়া রাস্তার মাথা, রেইছা ও তালুকদারপাড়াসহ বিভিন্ন এলাকায় নবনিযুক্ত পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরীকে সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।










