ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬
- আপলোডের সময় : Monday, August 17, 2026,

ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে এক শিক্ষার্থীকে প্রাধ্যক্ষের কার্যালয়ে আটকে রেখে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে মধ্যরাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হল সংসদের ভিপি আবু নাঈম ও জিএস ইমামুল হাসানসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে প্রাধ্যক্ষের কার্যালয় থেকে অধ্যাপক ইলিয়াস আল মামুনকে বের করে নেওয়ার সময় শিক্ষার্থীদের বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর আগে হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন ও হেনস্থার অভিযোগ ওঠে। গত ৯ আগস্ট হলের আবাসিক শিক্ষার্থী ও রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহীম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাধ্যক্ষের সমালোচনা করে একটি পোস্ট শেয়ার করেন।
অভিযোগ রয়েছে, ওই পোস্টের জেরে তাঁকে প্রাধ্যক্ষের কক্ষে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখা হয়। এ সময় তাঁর মুঠোফোন নিয়ে নেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার পাশাপাশি জোরপূর্বক লিখিত বক্তব্যে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে এবং প্রাধ্যক্ষের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিতে সোমবার সন্ধ্যা ৭টার পর হল কার্যালয়ের সামনে অবস্থান নেন আবাসিক শিক্ষার্থীরা। এতে হল সংসদ, ডাকসু, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরাও অংশ নেন।
পরে হল সংসদ ও ডাকসুর একটি প্রতিনিধিদল প্রাধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানায়। প্রতিনিধিদলের সদস্যদের দাবি, প্রাধ্যক্ষ ফুটেজ প্রকাশে অস্বীকৃতি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে হলে যান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেসানী, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাংসহ কয়েকজন সহকারী প্রক্টর। একপর্যায়ে শিক্ষার্থীরা তাঁদেরও প্রাধ্যক্ষের কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। পরে দুই প্রো-ভিসি সেখান থেকে বের হয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৩টার দিকে কয়েকজন শিক্ষার্থী শিবিরবিরোধী স্লোগান দিতে দিতে প্রাধ্যক্ষের কার্যালয়ের দিকে গেলে হল সংসদের ভিপি আবু নাঈমের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ভিপি আবু নাঈম, জিএস ইমামুল হাসানসহ অন্তত ছয়জন আহত হন। সংঘর্ষের সময় ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং ধাক্কা খেয়ে একটি পিলারের সঙ্গে পড়ে যান। পরে শিক্ষার্থীরা তাঁকে সেখান থেকে সরিয়ে নেন।
সংঘর্ষের পর জিএস ইমামুল হাসানকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ভিপি আবু নাঈমের পোশাক ছিঁড়ে যায়। পরে আহতদের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস আল মামুনকে তাঁর কার্যালয় থেকে বের করে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে ফজলুল হক মুসলিম হলে রাতভর উত্তেজনা বিরাজ করে।










