প্রেমিকার বিয়ের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

প্রেমিকার বিয়ের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য
মোঃ শরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বিয়ের দিন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া কয়েকটি পোস্ট ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে রাকিব প্রামাণিক (২২) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, মৃত্যুর আগে রাকিব ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি নিজের কষ্টের কথা উল্লেখ করেন এবং ক্ষমা চান। পোস্টে দেওয়া তথ্যের সূত্র ধরে স্থানীয়রা জটিবাড়ি গ্রামের একটি আমবাগানে গিয়ে গাছের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।
এর আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে রাকিব দাবি করেন, তিনি এক তরুণীকে ভালোবাসতেন এবং পারিবারিক সিদ্ধান্তে ওই তরুণীর অন্যত্র বিয়ের আয়োজন হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ওই পোস্টে তিনি বিষয়টি নিয়ে নিজের কষ্টের কথা তুলে ধরেন।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, রাকিব শান্ত স্বভাবের ছিলেন। স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার সময় এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। পরে তিনি বিদেশে গেলেও প্রত্যাশিত কাজ না পাওয়ায় দেশে ফিরে আসেন। সম্প্রতি ওই তরুণীর বিয়ের খবর পেয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
রাকিবের ফেসবুক পোস্টে উল্লেখ করা এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের সম্পর্কের বিষয়ে তিনি অবগত ছিলেন না। রাকিবের মৃত্যুর বিষয়টিও তিনি পরে জানতে পারেন।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।









