প্রায় ৩০ বছর পর নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

প্রায় ৩০ বছর পর নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী সদস্য প্রয়াত প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো গাউন ‘রিভেঞ্জ ড্রেস’ প্রায় ৩০ বছর পর আবারও নিলামে উঠতে যাচ্ছে। পোশাকটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার। পোশাকটি ডায়ানার আত্মবিশ্বাস ও স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানের নকশা করা কালো সিল্কের অফ-দ্য-শোল্ডার গাউনটি ১৯৯৪ সালে ভ্যানিটি ফেয়ার আয়োজিত এক অনুষ্ঠানে পরেছিলেন ডায়ানা। একই রাতে তার তৎকালীন স্বামী প্রিন্স চার্লস প্রকাশ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এরপর থেকেই পোশাকটি ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিতি পায়।
আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে সোথবির বিশেষ ফ্যাশন নিলামে পোশাকটি তোলা হবে। নিলামের আগে ঐতিহাসিক পোশাকটি লন্ডন, হংকং ও জেনেভায় প্রদর্শন করা হবে।
সোথবির ভাষ্য অনুযায়ী, ‘রিভেঞ্জ ড্রেস’ বিংশ শতাব্দীর অন্যতম স্মরণীয় ফ্যাশন মুহূর্তের সঙ্গে জড়িত। ডায়ানা যখন গাড়ি থেকে নেমে ওই পোশাকে অনুষ্ঠানে হাজির হন, তখন তার ছবি বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রচারিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ শুরুর আগেই সেটি একটি বৈশ্বিক ‘ভাইরাল ফ্যাশন মুহূর্তে’ পরিণত হয়েছিল।
১৯৯৪ সালের ওই উপস্থিতির পর পোশাকটি ডায়ানার জনসম্মুখের ভাবমূর্তির পরিবর্তনের অন্যতম প্রতীক হয়ে ওঠে। তার সাহসী ফ্যাশন পছন্দ এবং আত্মবিশ্বাসী উপস্থিতি পরবর্তী সময়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।