প্রাথমিকে নিয়োগ: ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর যাচাইয়ে নতুন নির্দেশনা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বিষয়ে কাগজপত্র ও পূর্ব কার্যকলাপ যাচাইয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর)।
রোববার (১০ মে) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশি তদন্তের মাধ্যমে পূর্ব কার্যকলাপ যাচাই করা হবে।
এছাড়া প্রার্থীদের জমা দেওয়া সকল শিক্ষাগত ও অন্যান্য কাগজপত্রের সত্যতা কঠোরভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও সঠিকভাবে যাচাই কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্য প্রার্থী নিশ্চিত করতেই এ ধরনের যাচাই কার্যক্রম জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।