প্রথমবার এসিসির সভায় যোগ দিয়েই বড় দায়িত্ব পেলেন তামিম
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

প্রথমবার এসিসির সভায় যোগ দিয়েই বড় দায়িত্ব পেলেন তামিম
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবার অংশ নিয়েই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান তামিম ইকবাল। ব্যাংককে অনুষ্ঠিত সভায় তাকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
এশিয়ার ক্রিকেটের উন্নয়ন, নতুন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সুযোগ বাড়ানো এবং ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করবে তামিমের নেতৃত্বাধীন এই কমিটি।
গত শনিবার (২২ আগস্ট) থাইল্যান্ডের ব্যাংককে এসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিসিবির প্রতিনিধি হিসেবে সভায় অংশ নেন তামিম ইকবাল। সেখানেই তাকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
সভায় প্রতিনিধি দেশগুলোর সরাসরি ভোটে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনি এসিসির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী সদস্য নির্বাচন করা হয়েছে। টেস্ট না খেলা পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবদুল আজিজ বিন সৌদ আল থানি এবং সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ গাজনাভি নির্বাচিত হয়েছেন। সহযোগী সদস্যদের মধ্যে মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল ও বাহরাইনের মোহাম্মদ মনসুর নির্বাচিত হয়েছেন। তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।
বার্ষিক সাধারণ সভায় এসিসির সভাপতি পদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকেও মনোনয়ন দেওয়ার সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যেই ঘুরেফিরে এসিসি সভাপতির দায়িত্ব দেওয়া হতো। নতুন সিদ্ধান্তের ফলে আফগানিস্তানও এখন এই পদে মনোনয়ন দিতে পারবে।
সভায় প্রশাসন, ক্রিকেট উন্নয়ন, প্রতিযোগিতা ও অর্থসহ বিভিন্ন বিষয়ে এসিসির একাধিক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। এরই অংশ হিসেবে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।