
সাজেদুল ইসলাম রসেল , বগুড়া জেলা প্রতিনিধি।
অনলাইন সংবাদমাধ্যম হিসেবে পাঠকমহলে পরিচিত জাতীয় দৈনিক ‘আমার সকাল ২৪’ এবার প্রথমবারের মতো প্রিন্ট সংস্করণ প্রকাশ করতে যাচ্ছে। আগামী ১৯ তারিখে পত্রিকাটির প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সম্পাদক জনাব বাদল সিকদার।
পত্রিকাটির নির্বাহী সম্পাদক শাহ্ ফুজায়েল আহমেদ, বার্তা সম্পাদক আনহাজ হোসাইন হিমেল এবং উপ-বার্তা সম্পাদক জাকির হোসেন খাঁনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের সংবাদ, জনদুর্ভোগ, উন্নয়ন ও সম্ভাবনার খবর অনলাইনের মাধ্যমে প্রকাশ করে পাঠকমহলে আস্থা অর্জন করেছে ‘আমার সকাল ২৪’। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার প্রিন্ট সংস্করণ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক বাদল সিকদার বলেন, “১৯ তারিখে আমাদের প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশিত হবে। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা চাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে।”
নির্বাহী সম্পাদক শাহ্ ফুজায়েল আহমেদ জানান, প্রথম ধাপে সীমিত পরিসরে প্রিন্ট কার্যক্রম শুরু হলেও আগামী কয়েক মাসের মধ্যে ধারাবাহিকভাবে নিয়মিত প্রিন্ট সংস্করণ প্রকাশের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “পাঠকদের ভালোবাসা ও সংবাদকর্মীদের অক্লান্ত পরিশ্রম আমাদের এই পথচলার শক্তি।”
বার্তা সম্পাদক আনহাজ হোসাইন হিমেল বলেন, “দেশের প্রতিটি জেলা-উপজেলার প্রতিনিধিদের সমন্বয়ে আমরা একটি শক্তিশালী সংবাদ নেটওয়ার্ক গড়ে তুলেছি। প্রিন্ট সংস্করণ সেই কার্যক্রমকে আরও বিস্তৃত করবে।”
উপ-বার্তা সম্পাদক জাকির হোসেন খাঁন বলেন, “আমরা নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। প্রিন্ট সংস্করণ প্রকাশের মাধ্যমে পাঠকদের আরও কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে।”
এদিকে ‘আমার সকাল ২৪’-এর প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশকে ঘিরে সংবাদকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।