
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বুধবার (৪ মার্চ) সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী হোসেন ফকির। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার (বিপিএম-সেবা)।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি ট্রাফিক ব্যবস্থাপনাকে যানজটমুক্ত ও আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ নির্দেশনায় দ্রুত সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।