
মো. আরফান আলী, প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অসহায় পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ অর্থ, আসবাবপত্র ও গৃহস্থালির বিভিন্ন মালামালসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সোহাগ জানান, ঘটনার সময় তার মা বাড়ির বাইরে কাজে ছিলেন। এ সুযোগে হঠাৎ বসতঘরে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরে থাকা প্রায় ৮০ হাজার টাকা নগদ, একটি ফ্রিজ, খাটসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুরো বসতঘর আগুনে পুড়ে যায়।
এ বিষয়ে ১ নম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ করে উপজেলা প্রশাসনের কাছে তালিকা পাঠানো হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে চাল, কম্বলসহ জরুরি ত্রাণসামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।