পিরোজপুরে আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ
নিত্যানন্দ হালদার
স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে পিরোজপুর জেলার সকল আনসার ও ভিডিপি সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মোট ৫ হাজার ৩৯৫ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে বরিশাল বিভাগীয় পরিচালকসহ আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী আনসার সদস্যরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে তারা আরও দক্ষ ও সচেতন হতে পারবেন।













