পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা
- আপলোডের সময় : Monday, August 10, 2026,

পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা
দুই পাশে উঁচু পাহাড়, সামনে বিশাল পর্বতশ্রেণি, নীল আকাশ আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা নেপালের পোখারায় শুরু হয়েছে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশ অভিনীত সিনেমা ‘শিকার’-এর শুটিং। মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ-ভারত-নেপাল যৌথ প্রযোজনার এই সিনেমার দৃশ্যধারণ।
শুটিংয়ের প্রথম দিন সেটে একে একে উপস্থিত হন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত এবং ‘রনি ও জিল্লু’ খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্য। পুরো ইউনিটজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কেউ আড্ডায় ব্যস্ত, কেউ ভক্তদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত সময় পার করেন।
একপর্যায়ে শুরু হয় মহরতের মূল আনুষ্ঠানিকতা। সিনেমার সফলতা ও মঙ্গল কামনায় প্রথমে দোয়া করেন প্রধান অভিনেতা মুর্তজা পলাশ। এরপর নারিকেল ভেঙে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির শুভ সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য। মহরত শেষে শুরু হয় কামরুজ্জামান রোমান পরিচালিত এবং রেজা ফিল্ম প্রযোজিত ‘শিকার’ সিনেমার দৃশ্যধারণ।
সিনেমাটির গল্প নিয়ে অপু বিশ্বাস বলেন, “যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে নতুন নায়ক হিসেবে মুর্তজা পলাশের অভিষেক হচ্ছে। বিষয়টি আমাকে আরও বেশি উচ্ছ্বসিত করেছে। আশা করি দর্শকদের গল্পটি ভালো লাগবে।”
অন্যদিকে, সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে মুর্তজা পলাশের। এর আগে তিনি একাধিক নাটকে অভিনয় করলেও এটিই তার প্রথম চলচ্চিত্র। অভিষেক নিয়ে তিনি বলেন, “গল্পটি পড়ে মনে হয়েছে, আমি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। তাই গত আট মাস ধরে নিজের লুক তৈরি করেছি এবং চরিত্রের জন্য প্রস্তুতি নিয়েছি। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি গল্পটি দর্শকের হৃদয়ে দাগ কাটবে।”
জানা গেছে, নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ি পরিবেশে মাসজুড়ে চলবে ‘শিকার’ সিনেমার শুটিং। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর ঈদ উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।










