পাবনায় ২১২ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, মাদকসেবী ৩ জনের কারাদণ্ড
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

পাবনায় ২১২ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, মাদকসেবী ৩ জনের কারাদণ্ড
ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন
পাবনায় মাদকবিরোধী পৃথক অভিযানে ২১২ গ্রাম গাঁজাসহ মো. মোজাহার মন্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই সঙ্গে তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ডিএনসির উপপরিদর্শক সোহানের নেতৃত্বে পাবনা সদর উপজেলার দোগাছী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোজাহার মন্ডলের নিজ দখলীয় শয়নকক্ষ থেকে ২১২ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোজাহার মন্ডল দোগাছী ইউনিয়নের দোগাছী পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াজ উদ্দীন মন্ডলের ছেলে। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক সোহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় মামলা করেন।
অন্যদিকে, পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার মানিকনগর ও নুরমহল্লা এলাকার বিভিন্ন মাদকস্পট থেকে তিন মাদকসেবীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার নাজিরপুরের মাসুম প্রাংয়ের ছেলে রাকিবুল ইসলাম (৩০), ঈশ্বরদীর নুরমহল্লার মো. আমানুল্লাহর ছেলে মো. ইমরান হোসেন মুন্না (৩৩) এবং মানিকনগর পূর্বপাড়ার মৃত আব্দুর রশিদ শেখের ছেলে মো. শিমুল শেখ (৩৫)।
ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপপরিদর্শক মো. জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে ১০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।










