পাবনায় ১৫ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

পাবনায় ১৫ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন
পাবনার বেড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির ৬০ হাজার টাকা ও একটি সাদা প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বেড়া মডেল থানার এসআই মো. সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন দায়িত্ব পালনকালে থানার পেছনে পোর্টের তিন রাস্তার মোড়ে চেকপোস্টে অবস্থান করছিলেন। এ সময় বৃশালিখা ঘাট থেকে মোহনগঞ্জ বাজারের দিকে যাওয়া একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি পেছনের দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ সেটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বেড়ার সাহাপাড়া এলাকার শামসুল হকের ছেলে সাব্বির হোসেন (২৬), মৃত রওশন আলীর ছেলে মুকুল হোসেন (৩৬) এবং সাঁথিয়া উপজেলার উত্তরপাড়া এলাকার লিটন প্রামাণিকের ছেলে তামিম হোসেন (২২)।
এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় বেড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বলেন, মাদক উদ্ধারে পুলিশ বদ্ধপরিকর। পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। মাদকের তথ্য পাওয়া মাত্র অভিযান পরিচালনা করে মাদক নির্মূলে পুলিশ একযোগে কাজ করবে।










