পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ২
- আপলোডের সময় : Saturday, August 15, 2026,

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ২
ক্রাইম রিপোর্ট: আহমেদ শাকিল সুমন
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার শালগাড়িয়া ও জালালপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জালালপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. মিলন আলী (২৫) এবং শালগাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. আবু হানিফ (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবনা জেলা কার্যালয়ের উপপরিদর্শক সোহান ও উপপরিদর্শক মো. জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দণ্ড কার্যকরের জন্য তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগস্ট মাসে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৪৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










