পানির ড্রামে ফেলে ১৪ দিনের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক
- আপলোডের সময় : Tuesday, August 18, 2026,

পানির ড্রামে ফেলে ১৪ দিনের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক
নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ দিন বয়সী এক নবজাতককে বৃষ্টির পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগমকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নবজাতক ওই বাড়ির সৌরভ হোসেন ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। ফাতেমা বেগম উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শরীফ উল্যার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের মাধ্যমে ২০২৫ সালে সৌরভ ও ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। সোমবার সন্ধ্যা থেকে নবজাতক নিখোঁজ হলে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি একেকবার একেক ধরনের বক্তব্য দেন। প্রথমে পেছন থেকে মাথায় আঘাত করে অজ্ঞাত ব্যক্তিরা শিশুটিকে নিয়ে গেছে বলে দাবি করেন। পরে শিশুটিকে জিনে নিয়ে গেছে বলেও জানান।
এতে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা শিশুটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে রাত ১০টার দিকে বাড়ির ভেতরে বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফাতেমা সন্তানকে ড্রামের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন। তবে এ ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










