পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ তিন প্রভাবশালীর বিরুদ্ধে
- আপলোডের সময় : Tuesday, September 1, 2026,

পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ তিন প্রভাবশালীর বিরুদ্ধে
নুর ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গণপাঠাগারের প্রবেশপথের সামনে সরকারি জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে। এতে পাঠাগারে শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ ওঠা তিন ব্যক্তি হলেন—খালিয়া এলাকার আবু সাইদ মন্ডল, এনামুল হক ও সাবেক বিডিআর সদস্য মনিরুল ইসলাম।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, খালিয়া গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে রিয়াজ আলীর কাছ থেকে ১৯৬৮ নম্বর দাগের ৩ শতাংশ জমি বাজারমূল্যে ৮ হাজার টাকায় কিনেছিল খালিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয়দের উপস্থিতিতে স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে জমি কেনার পর থেকেই বিদ্যালয় কর্তৃপক্ষ জায়গাটি ভোগদখল করে আসছে। পরবর্তীতে ওই জমিতে একটি গণপাঠাগার নির্মাণ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, পাঠাগারের সামনে যে জায়গায় বাঁশের বেড়া দেওয়া হয়েছে, সেটি সরকারি সম্পত্তি। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পাঠাগারের প্রবেশপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
খালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোতালেব বলেন, “আবু সাইদ মন্ডল, এনামুল হক ও মনিরুল ইসলাম পাঠাগারের সামনে বাঁশের বেড়া দিয়েছেন। এতে শিক্ষার্থী ও পাঠকদের চলাচলে সমস্যা হচ্ছে এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত বেড়া অপসারণের জন্য তাদের অনুরোধ করছি।”
তবে সরকারি জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেছেন আবু সাইদ মন্ডল, এনামুল হক ও মনিরুল ইসলাম। তারা বলেন, “রিয়াজ আলী ২০১৮ সালে পাঠাগারের জায়গা আমাদের কাছে বিক্রি করে রেজিস্ট্রি করে দিয়েছেন। তবে পাঠাগারের সামনের জায়গাটি সরকারি সম্পত্তি—এ কথা সত্য। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে ওই জায়গায় মাটি ফেলেছে, তাই আমরাও বাঁশের বেড়া দিয়েছি।”
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব বলেন, “খালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গণপাঠাগারের সামনে সরকারি জায়গায় কিছু লোক বাঁশের বেড়া দিয়েছেন বলে জানতে পেরেছি। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল কোনোভাবেই কাম্য নয়। যারা এ কাজ করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।