
মো. জুনাইদ মিয়া
জেলা প্রতিনিধি, আমার সকাল-২৪.কম, মৌলভীবাজার
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় শহরের দেওয়ানী মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সেন্ট্রাল রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিকান্দার আলী রোডের হামিদিয়া পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মো. ইয়ামির আলী।
এতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, জেলা সদস্য সচিব মো. রুহুল আমিন, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াজিদ, মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা তাজুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভাপতির বক্তব্যে মো. ইয়ামির আলী বলেন, “জাতীয় নির্বাচনের পর দেশের মানুষ একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু জনগণের সেই প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।”
তিনি আরও বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন, জনদুর্ভোগ লাঘব এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণ তাদের দাবি আদায়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।”
অন্যান্য বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও জনদুর্ভোগে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তারা এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার, সুশাসন এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।