পবিপ্রবির সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত, ১০ অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
পবিপ্রবির সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত, ১০ অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Wednesday, August 5, 2026,
পবিপ্রবির সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত, ১০ অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু
পবিপ্রবির সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত, ১০ অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণ, শৃঙ্খলাভঙ্গ, ঊর্ধ্বতন কর্মকর্তাকে হুমকি, দাপ্তরিক কাজে বাধা সৃষ্টি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং ঘুষ গ্রহণসহ ১০টি অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ড. ইকবাল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, ভয়ভীতি প্রদর্শন, ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয় থেকে গোপনীয় নথি নেওয়ার চেষ্টা, সরকারি নথিপত্র নষ্ট করা এবং প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির অভিযোগ রয়েছে।
এছাড়া এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে লাঞ্ছিত করার চেষ্টা, চেয়ার দিয়ে আঘাতের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগও তদন্তের আওতায় আনা হয়েছে। অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, ব্যঙ্গাত্মক কার্টুন ও কুরুচিপূর্ণ প্রচারণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে আপত্তিকর বার্তা আদান-প্রদান এবং চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, নাশকতা ও বিশ্ববিদ্যালয়ের সম্পদের ক্ষতিসাধনের ঘটনায় জড়িতদের সহযোগিতার অভিযোগও তদন্ত করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং বিভাগীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে রিজেন্ট বোর্ডকে অবহিত করে সংশ্লিষ্ট বিধির ৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। ২০২৬ সালের ৪ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে ড. মুহাম্মদ ইকবাল হোসেনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।