পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র্যালি
- আপলোডের সময় : Friday, August 28, 2026,

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র্যালি
জিহাদ হোসেন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহর বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। র্যালিকে কেন্দ্র করে পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়’, ‘মুহাম্মদ (সা.) মানবতার শ্রেষ্ঠ আদর্শ’, ‘কুরআন আঁকড়ে ধরি, সুন্নাহ অনুসরণ করি’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
উপজেলা যুব হিযবুল্লাহ নেতা গাজী মনিরুল ইসলাম বলেন, “১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের এই পবিত্র দিনটি আমরা শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করি। তাঁর পবিত্র জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। এই দিনের মাধ্যমে তাঁর জীবনের মহত্ত্ব অনুধাবন, আদর্শ সম্পর্কে জানা এবং তা অনুসরণে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”









