পদ্মায় পানি বাড়ছে, চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

পদ্মায় পানি বাড়ছে, চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা
পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করায় নদীর চর ও নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, পদ্মা নদীর পানি বন্যা বিপৎসীমার কাছাকাছি উচ্চতায় প্রবাহিত হতে শুরু করেছে। এ অবস্থায় চরাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে।
মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ১০ সেপ্টেম্বরের সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, ফারাক্কায় গঙ্গার পানির উচ্চতা ২৩ দশমিক ৭৫ মিটারে পৌঁছেছে। সেখানে স্থানীয় বিপৎসীমা ২২ দশমিক ২৫ মিটার হওয়ায় পানি বিপৎসীমার প্রায় ১ দশমিক ৫০ মিটার ওপরে রয়েছে।
তার দাবি, ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ব্যারাজের ১০৯টি গেটই খোলা রয়েছে এবং মোট পানিপ্রবাহ প্রায় ১৬ লাখ কিউসেক। এর মধ্যে প্রায় ৪০ হাজার কিউসেক পানি ফিডার খাল দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে ভারতের মুর্শিদাবাদের কয়েকটি নদীতীরবর্তী এলাকায় নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মোস্তফা কামাল পলাশ আরও বলেন, ফারাক্কা দিয়ে বাড়তি পানি প্রবাহের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। বর্তমান হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আরও চরাঞ্চল ও বসতবাড়িতে পানি প্রবেশ করতে পারে।
এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর চরাঞ্চল এবং নিচু নদীতীরবর্তী এলাকাগুলোতে বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়া ও জলবায়ু গবেষক।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।