পঞ্চগড়ে বাসে পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত
স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): কবির মোঃ সামছুল আলম ফাইটার
পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে নিজ বাসের চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে বোদা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী গেটলক বাসটিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসটি পঞ্চগড় থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বোদা পৌরসভা এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় এক যাত্রীকে বাসে তোলার চেষ্টা করেন সুপারভাইজার শান্ত। এ সময় পা পিছলে তিনি বাসের নিচে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও হাইওয়ে টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।