নড়াইলে ৬ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- আপলোডের সময় : Sunday, September 6, 2026,

নড়াইলে ৬ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইল সদর উপজেলায় ছয় শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার কলাগাছর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু।
গ্রেপ্তার মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা। তিনি নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার তাসীর উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদ্রাসার নিয়মিত একজন শিক্ষক ৪৫ দিনের প্রশিক্ষণে যাওয়ায় তাঁর পরিবর্তে মাহবুবুর রহমানকে শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসার কয়েকজন শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন তিনি।
ঘটনার সূত্রপাত হয় গত ২৮ আগস্ট। ওই দিন বিকেলে মাদ্রাসায় থাকা নিজের আট বছর বয়সী সন্তানকে দেখতে যান এক শিশুর মা। এ সময় শিশুটি মাকে অভিযোগের বিষয়টি জানায়। পরে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হলে ওই শিশুর কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হয়। এরপর মাদ্রাসায় থাকা আরও পাঁচ শিশুশিক্ষার্থী একই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে।
ঘটনা জানাজানি হওয়ার পর মাহবুবুর রহমান আত্মগোপনে চলে যান। পরে ভুক্তভোগী এক শিশুর মা ৫ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রোববার ভোরে গাজীপুরের গাছা থানার কলাগাছর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ছয় শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।