নেছারাবাদে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য বিজয় মিছিল
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

নেছারাবাদে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য বিজয় মিছিল
মো. আল মামুন
পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে যোগ দেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের প্রতিমন্ত্রী আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমন। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিলে অংশ নেন।
মিছিলটি নেছারাবাদ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন। বিশেষ করে দৈহারি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি মিছিলে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
এ সময় নেছারাবাদ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বেরুউনি সৈকত ও মো. ফখরুল ইসলাম।
বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিছিল দলের ঐক্য, সাংগঠনিক শক্তি ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার বহিঃপ্রকাশ। আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।









