নেছারাবাদে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, ডকইয়ার্ড মালিক গ্রেপ্তার
- আপলোডের সময় : Thursday, August 27, 2026,

নেছারাবাদে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, ডকইয়ার্ড মালিক গ্রেপ্তার
মো. আল মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে প্রতিবেশীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে গোলাম সারওয়ার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সোহাগদল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বরছাকাঠী এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোলাম সারওয়ারকে গ্রেপ্তার করেন। তিনি ওই এলাকার বাসিন্দা এবং একটি ডকইয়ার্ডের মালিক বলে জানা গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবেশীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় গোলাম সারওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, সারওয়ারের বিরুদ্ধে প্রতিবেশী ও শিক্ষার্থীদের চলাচলের পথ আটকে দেওয়াসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ও ভিডিও প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার প্রভাব দেখিয়ে তিনি বিভিন্ন সময় সাংবাদিকদের হুমকি দিয়েছেন এবং নিজের পক্ষে সংবাদ প্রকাশের চেষ্টা করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে গোলাম সারওয়ারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অভিযোগকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মারধরের ঘটনায় একজন অন্তঃসত্ত্বা নারীও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সারওয়ার গ্রেপ্তারের পর স্থানীয় কয়েকজন বাসিন্দা নেছারাবাদ থানা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা প্রয়োজন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বানও জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে দলীয় পদ-পদবির পাশাপাশি প্রার্থীদের সততা, যোগ্যতা ও জনসম্পৃক্ততা বিবেচনার দাবি জানান তারা।









