
ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী নির্বাচনকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। ১৭ বছর ধরে জাতি যে নির্বাচনের অপেক্ষা করছে, তা কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলা যাবে না।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, নির্বাচনে বিতর্কিত পরিস্থিতি তৈরি হলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি নির্বাচন কমিশনের আরপিও নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এতে নির্বাচনে টাকার প্রভাব বৃদ্ধি পাবে এবং আগামী সংসদে বিত্তবান ও ব্যবসায়ীদের আধিপত্য দেখা দিতে পারে। তিনি যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে অবিশ্বাস-অনাস্থা বৃদ্ধি না করারও আহ্বান জানান।
সাইফুল হক বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’তেই ভোট দেবে এবং দেশবাসীকেও একইভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি গণভোটে চারটি প্রশ্নের মধ্যে একটিমাত্র উত্তর প্রদানের বিধানকে বিভ্রান্তিকর উল্লেখ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ ও কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী।