নায়করাজ স্মরণে শাকিবের আবেগঘন বার্তা
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

নায়করাজ স্মরণে শাকিবের আবেগঘন বার্তা
নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকীতে কিংবদন্তি এই অভিনেতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন চিত্রনায়ক শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি রাজ্জাককে অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার আশ্রয় হিসেবে উল্লেখ করেন।
শাকিব খান বলেন, নায়করাজকে হারানোর শূন্যতা নয় বছর পরও একইভাবে অনুভব করেন তিনি। রাজ্জাক শুধু কিংবদন্তি অভিনেতাই ছিলেন না, ব্যক্তিজীবনেও তার জন্য ছিলেন অভিভাবকের মতো। স্নেহ, পরামর্শ ও ভালোবাসা দিয়ে রাজ্জাক তাকে আগলে রেখেছিলেন বলেও জানান শাকিব।
তিনি আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ রাজ্জাক ততদিন মানুষের হৃদয়ে ও চলচ্চিত্রের অহংকার হয়ে বেঁচে থাকবেন।
উল্লেখ্য, রাজ্জাক ও শাকিব খান ‘জানের জান’, ‘বাপ বেটির যুদ্ধ’, ‘মায়ের জেহাদ’সহ ১৪টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্ম নেওয়া রাজ্জাক প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করেন। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এবং ২০১৩ সালে আজীবন সম্মাননা লাভ করেন। ২০১৫ সালে তাকে দেওয়া হয় বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার।










