নারী সংক্রান্ত অভিযোগে শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
- আপলোডের সময় : Thursday, October 1, 2026,

নারী সংক্রান্ত অভিযোগে শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
মো. শরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার গারাদহ ইউনিয়নের চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের দাবি, সম্প্রতি পার্শ্ববর্তী টেকুয়াপাড়া গ্রামে গভীর রাতে নারী সংক্রান্ত অভিযোগে শিক্ষক মো. কবির উদ্দিনসহ তিনজনকে স্থানীয়রা আটক করেন। এ ঘটনার পর শিক্ষক কবির উদ্দিনের বিদ্যালয়ে প্রবেশ ও দায়িত্ব পালনের বিরোধিতা করছেন তারা।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, শিক্ষক কবির উদ্দিনের বিরুদ্ধে একাধিক নারী সংক্রান্ত অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তারা। শিক্ষার্থীদের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুত তার অপসারণের দাবি জানান স্থানীয়রা।
বক্তারা বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে ওঠা নৈতিকতা-সংক্রান্ত অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শিক্ষক কবির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, কবির উদ্দিনের বিরুদ্ধে এর আগেও নারী সংক্রান্ত একাধিক অভিযোগের কথা তিনি শুনেছেন। সহকারী শিক্ষক হিসেবে তার আচরণ ও দায়িত্ব পালনে উদাসীনতার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে তাকে অন্যত্র বদলি করা প্রয়োজন বলে মত দেন প্রধান শিক্ষক।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।