নামিবিয়া ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে দলে ফিরলেন গ্রায়েম ক্রেমার
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

নামিবিয়া ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে দলে ফিরলেন গ্রায়েম ক্রেমার
অভিজ্ঞ লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারকে দলে ফিরিয়ে নামিবিয়ায় আসন্ন টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া ফাস্ট বোলার কুন্দাই মাতিগিমু।
চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচে সর্বশেষ খেলেছিলেন ক্রেমার। এরপর বাঁ হাতের চোটে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকে ছিটকে যান তিনি। চোট কাটিয়ে এবার জাতীয় দলে ফিরলেন ৩৮ বছর বয়সী এই লেগ স্পিনার।
দলে নতুন মুখ মাতিগিমু। ২৮ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত মাত্র ১১টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছিল তার।
চোটের কারণে দলে নেই ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রিচার্ড এনগারাভা এবং পেসার তানাকা চিভাঙ্গা। এনগারাভা পিঠের নিচের অংশের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। অন্যদিকে গোড়ালির চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছেন চিভাঙ্গা।
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নামিবিয়া—তিন দলই একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
আগামী ২৯ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। এরপর ৩১ আগস্ট স্বাগতিক নামিবিয়ার বিপক্ষে খেলবে তারা।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ব্রাড ইভান্স, ইনোসেন্ট কায়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুন্দাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, নিউম্যান নিয়ামহুরি ও তাফাদজোয়া সিগা।










