নান্দাইলে ৭৬ কৃতি শিক্ষার্থীকে এগনাফের সংবর্ধনা
- আপলোডের সময় : Tuesday, September 1, 2026,

নান্দাইলে ৭৬ কৃতি শিক্ষার্থীকে এগনাফের সংবর্ধনা
মো. শাহজাহান মিয়া, নান্দাইল প্রতিনিধি
‘মেধা, সততা, দেশপ্রেমে একসঙ্গে গড়ি মানবিক নান্দাইল’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) নান্দাইল উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন রাজ রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টারে ‘এসো গড়ি নান্দাইল ফাউন্ডেশন’ (এগনাফ)-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসো গড়ি নান্দাইল ফাউন্ডেশন (এগনাফ) ও বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “তোমরাই আগামীর মানবিক বাংলাদেশের কর্ণধার। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন নয়, মেধা ও সততার সঙ্গে দেশপ্রেমকে ধারণ করে একটি মানবিক নান্দাইল তথা সমৃদ্ধ রাষ্ট্র গঠনে তোমাদের এগিয়ে আসতে হবে।”
এগনাফের সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোষপালা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হাই ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুল্লাহ।
এ ছাড়া বক্তব্য দেন মাদ্রাসার সুপার মাওলানা ছালেহ উদ্দিন আকন্দ, নান্দাইল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ, প্রধান শিক্ষক মারকিয়া রেবেকা সুলতানা, পাচাঁনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজুল ইসলাম এবং খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম রতনসহ অন্যরা।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় অর্জনে অনুপ্রাণিত করবে। মেধা ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে তারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, এগনাফের উপদেষ্টা ও সদস্য এবং বিপুলসংখ্যক কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, উত্তরীয় ও উপহার তুলে দেওয়া হয়।










