নান্দাইলে সবুজ সাথী কিন্ডারগার্টেনের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু
- আপলোডের সময় : Tuesday, September 1, 2026,

নান্দাইলে সবুজ সাথী কিন্ডারগার্টেনের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু
আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে সবুজ সাথী কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) থেকে শুরু হওয়া এ পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
নান্দাইল উপজেলার ৩ নম্বর নান্দাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামতলা বাজারসংলগ্ন এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে মোট ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১০০ জন ছাত্র ও ১৫০ জন ছাত্রী। পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য রয়েছেন ১২ জন সহকারী শিক্ষক—৬ জন পুরুষ ও ৬ জন নারী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা পার্শ্ববর্তী খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। চলতি বছর এ বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৯ জন উত্তীর্ণ হয়েছে।
প্রধান শিক্ষিকা শামীমা আক্তার শিল্পী বলেন, “সরকারের সব নিয়ম-কানুন মেনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি। আমাদের শিক্ষকরা নিয়মিত ও যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করেন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি।”
বিদ্যালয়ের পরিচালক ইমরুল হাসান বাবুল বলেন, “আমরা সবাই মিলেমিশে বিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করছি। আমাদের লক্ষ্য হলো এলাকার কোনো ছেলে-মেয়ে যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।”
গণিতের শিক্ষক মো. শাহজাহান বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। পাঠদানকে আরও সহজ ও কার্যকর করার মাধ্যমে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকরা চেষ্টা করছেন।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে ও মনোযোগের সঙ্গে অংশ নিতে পারে, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।










