নাইজেরিয়ায় মসজিদে হামলা, ৬০ মুসল্লি অপহরণের দাবি
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

নাইজেরিয়ায় মসজিদে হামলা, ৬০ মুসল্লি অপহরণের দাবি
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলার ঘটনায় ৬০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে অপহৃতের সংখ্যা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুলিশও নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় পুলিশ মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে বর্গু স্থানীয় সরকার এলাকার দেকারা জেলায় কপেনিয়া মসজিদে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। এর আগে গিদান-জানা ও কপেনিয়া গ্রামেও হামলা চালানো হয়।
পুলিশ জানিয়েছে, অপহরণের ঘটনা সম্পর্কে তারা অবগত রয়েছে। তবে হামলায় কেউ নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপহৃতদের উদ্ধারে এলাকায় যৌথ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলায় কয়েকজন নিহতও হয়েছেন। হামলা থেকে বেঁচে যাওয়া জিব্রিল আহমাদ লাকুরাওয়া নামের একটি সশস্ত্র গোষ্ঠীকে হামলার জন্য দায়ী করেছেন। তার ভাষ্য, জুমার নামাজ শেষে শত শত সশস্ত্র ব্যক্তি বন্দুক, ছুরি ও দা নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায়।
আহমাদ জানান, হামলার সময় মাহমুদা নামের আরেকটি সশস্ত্র গোষ্ঠী সেখানে এসে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সুযোগে কয়েকজন অপহৃত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
ফেডারেল আইনপ্রণেতা জাফারু মোহাম্মদ জানিয়েছেন, আশপাশের আরও কয়েকটি গ্রামেও হামলা চালানো হয়েছে। তার দাবি, লাকুরাওয়া গোষ্ঠীর মতাদর্শের বিরোধিতা করায় মাহমুদা গোষ্ঠীর সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে সংঘর্ষে জড়ায়।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।