নলছিটি পৌর শহরে সড়ক দখল করে পণ্য বিক্রি, বাড়ছে যানজট-ভোগান্তি
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

নলছিটি পৌর শহরে সড়ক দখল করে পণ্য বিক্রি, বাড়ছে যানজট-ভোগান্তি
মোঃ সাব্বির আহমেদ
নিজস্ব প্রতিবেদক, নলছিটি, ঝালকাঠি
ঝালকাঠির নলছিটি পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে ভ্যানগাড়ি ও যানবাহনে পণ্য বিক্রির কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। সড়কের ওপর ও দুই পাশে পণ্য সাজিয়ে রাখায় সংকুচিত হয়ে পড়ছে যান চলাচলের জায়গা। এতে পথচারী, যাত্রী ও সাধারণ যানবাহন চালকদের ভোগান্তি বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, শহরের ব্যস্ত সড়কের বিভিন্ন অংশে ভ্যানগাড়িতে করে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসে রাস্তার ওপর কিংবা সড়কের পাশে অবস্থান করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। কোথাও কোথাও একাধিক ভ্যান পাশাপাশি দাঁড়িয়ে থাকায় যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
বিশেষ করে ব্যস্ত সময়ে এসব ভ্যান ও পণ্যবাহী যানবাহনকে কেন্দ্র করে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পথচারীদের অনেক সময় মূল সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, পৌর শহরের সড়ক ব্যবস্থাপনা ও অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত তদারকি না থাকায় দিনের পর দিন একইভাবে সড়ক দখল করে পণ্য বিক্রি চলছে। ফলে শহরের স্বাভাবিক পরিবেশ ও যান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের মতে, ভ্যানগাড়িতে করে পণ্য বিক্রি সম্পূর্ণ বন্ধ না করে পৌর শহরের উপযুক্ত কোনো স্থানে নির্ধারিত জায়গা করে দেওয়া যেতে পারে। সেখানে ভ্রাম্যমাণ বিক্রেতাদের ব্যবসা পরিচালনার সুযোগ দিলে একদিকে তাঁদের জীবিকা অব্যাহত থাকবে, অন্যদিকে মূল সড়কে যানজটও অনেকটা কমে আসবে।
নাগরিকদের প্রত্যাশা, নলছিটি পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে। সড়ককে পণ্য বিক্রির স্থান হিসেবে ব্যবহার না করে নির্ধারিত জায়গায় ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হলে শহরের যানজট ও জনভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।









