নলছিটিতে কুদের খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ সুজন সভাপতির বিরুদ্ধে
- আপলোডের সময় : Saturday, August 29, 2026,

নলছিটিতে কুদের খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ সুজন সভাপতির বিরুদ্ধে
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় জেলা পরিষদের ঐতিহ্যবাহী কুদের খালের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নলছিটি উপজেলা সভাপতি আমির হোসেনের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা কৃষি অফিসসংলগ্ন এলাকায় নিজস্ব জমির পেছনে থাকা কুদের খালের প্রায় অর্ধেক অংশ দখল করে সেখানে ভবন নির্মাণের কাজ করা হচ্ছে। খালের জায়গা দখল করা হলে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ঐতিহ্যবাহী খালটির অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়ভাবে কুদের খালটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নলছিটির সুগন্ধা নদীতে সিপ্লেনে এসে পরে স্পিডবোটযোগে কুদের খাল হয়ে চায়না মাঠে গিয়ে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।
স্থানীয়দের অভিযোগ, সময়ের সঙ্গে খালটির বিভিন্ন অংশ দখল হয়ে গেছে। খালের বিভিন্ন স্থানে একতলা থেকে চারতলা পর্যন্ত স্থাপনা নির্মাণ করা হয়েছে বলেও দাবি তাঁদের। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও খাল দখলের অভিযোগ রয়েছে। বর্তমানে আরও কয়েকজন ব্যক্তি খালের জায়গা দখলের চেষ্টা করছেন বলেও স্থানীয়ভাবে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে আমির হোসেনের পেশাগত পরিচয় নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক মিজানুর রহমান মিরাজ জানান, নলছিটির প্যালেস্টাইন টেকনিক্যাল বিএম কলেজে এমপিওভুক্ত ইংরেজি শিক্ষক না থাকায় আমির হোসেন মাস্টার রোলে ক্লাস নেন। তিনি এমপিওভুক্ত প্রভাষক নন বলেও দাবি করেন মিরাজ।
কুদের খালের জায়গা দখল ও ভবন নির্মাণের অভিযোগের বিষয়ে আমির হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে কুদের খাল খনন ও পুনরুদ্ধারের উদ্যোগ নিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুন্ডু বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলা হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত সরেজমিনে তদন্ত করে খালের সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং কুদের খাল পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হলে নলছিটির ঐতিহ্যবাহী এই জলপথটি রক্ষা করা সম্ভব হবে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।