নলছিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
- আপলোডের সময় : Saturday, August 29, 2026,

নলছিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
মো. হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধি, বরিশাল বিভাগ
ঝালকাঠির নলছিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বাদ আসর উপজেলার উত্তর জুরকাঠি মাঝিবাড়ি জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ধর্মীয় অনুরাগী আলহাজ্ব হাফেজ মো. মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা মো. আনছার আলী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফেজ মো. মশিউর রহমান বলেন, “মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য অনুকরণীয়। সমাজে শান্তি, ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশ্বনবীর সুন্নাহ অনুসরণ করা প্রয়োজন।” তিনি মহানবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সুন্দর ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিজিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আনছার আলী বলেন, “ইসলামের প্রকৃত শিক্ষা হলো শান্তি ও মানবতা। মহানবী (সা.) পুরো মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর শিক্ষা অনুসরণ করে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন পরিচালনা করা উচিত।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় আলেম-উলামা ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয়।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।