নরওয়ের কাছে ২৭ কোটি ডলারের হাই এক্সপ্লোসিভ আর্টিলারি শেল বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
- আপলোডের সময় : Thursday, August 6, 2026,

নরওয়ের কাছে ২৭ কোটি ডলারের হাই এক্সপ্লোসিভ আর্টিলারি শেল বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
নরওয়ের কাছে ১৫৫ মিলিমিটার হাই এক্সপ্লোসিভ (এইচই) আর্টিলারি শেল বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৬ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
মার্কিন সরকারের প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির মোট মূল্য প্রায় ২৭ কোটি মার্কিন ডলার। চুক্তির আওতায় ১৫৫ মিমি আর্টিলারি শেল, সংশ্লিষ্ট সরঞ্জাম, প্রযুক্তিগত সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ অন্তর্ভুক্ত থাকবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই অস্ত্র বিক্রি নরওয়ের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলায় দেশটিকে আরও প্রস্তুত হতে সহায়তা করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং অন্যান্য মিত্র দেশের সামরিক বাহিনীর সঙ্গে নরওয়ের সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা (interoperability) আরও জোরদার হবে।
দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত এই চুক্তি নরওয়ের আর্টিলারি শক্তি এবং মাঝারি পাল্লার হামলা পরিচালনার সক্ষমতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই অস্ত্র বিক্রি কার্যক্রমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান আমেরিকান অর্ডন্যান্স এবং জেনারেল ডায়নামিক্স প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করবে।
বিশ্লেষকদের মতে, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই চুক্তি নরওয়ের সামরিক আধুনিকীকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।









